কুলি আর পানের দোকানি যেখানে ‘টিকিট মাস্টার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ আছে অনেক। তবে দায়িত্বে আছেন মাত্র একজন। আবার যিনি আছেন, তিনিও নিয়মিত কর্মস্থলে থাকেন না। তাঁর স্থলে টিকিট বিক্রির কাজ চালান স্টেশনের পানের দোকানি ও শ্রমিক। এভাবেই চলছে ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রেলপথের নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুটি স্টেশন।রেলওয়ে কার্যালয় থেকে যায়, বর্তমান সরকারের মেয়াদের প্রথম দিকে ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রেলপথের সংস্কার শুরু হয়। এখনো সেই কাজ অব্যাহত রয়েছে। বর্তমানে এই পথে প্রতিদিন চারবার ট্রেন চলাচল করে। রেলপথটি ব্যবহার করলে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কলামাকান্দা, পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাবাসীর পরিবহন ব্যয় ও সময় দুটোই কমে যায়। এ কারণে যাত্রীর চাপ বর্তমানে তুলনামূলক বেশি। তবে স্টেশনে কর্মচারীর অভাবে অনেক সময় টিকিট বিক্রিই একেবারে বন্ধ হয়ে যায়। এতে করে একদিকে যেমন যাত্রীরা ভোগান্তিতে পড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।খোঁজ নিয়ে জানা যায়, রেলপথটির পূর্বধলা স্টেশনে কর্মকর্তা ও কর্মচারীর পদ আছে নয়টি। তবে কর্মরত আছেন মাত্র একজন। তিনি হলেন স্টেশনের বুকিং সহকারী ইনচার্জ আবু তাহের। তিনিও আবার কর্মস্থলে থাকেন না; থাকেন ১৩ কিলোমিটার দূরে শ্যামগঞ্জে সরকারি বাসায়। সেখান থেকে সকালের ট্রেনে এসে দায়িত্ব পালন করেন; আবার বিকেলে ফিরতি ট্রেনে বাসায় ফেরেন। তিনি যখন থাকেন না তখন স্টেশনের শ্রমিক টিকিট বিক্রি করেন।রোববার সকালের ট্রেন আসার আগ মুহূর্তে স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনের কুলি বিশ্বনাথ চৌহান টিকিট বিক্রি করছেন। তিনি বলেন, ‘স্যার (আবু তাহের) শ্যামগঞ্জে থাকেন। এই ট্রেনে আসবেন। তিনি আসার আগে প্রতিদিনই আমিই টিকিট বিক্রি করি। এ জন্য কিছু পারিশ্রমিক পাই।’ট্রেনের যাত্রী শরীফা পারভীন অভিযোগ করেন, টিকিট পেতে অসুবিধার পাশাপাশি স্টেশনের বিশ্রামাগারটি সব সময় তালাবদ্ধ থাকে। ফলে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকতে হয়। আবার স্টেশনে কোনো টয়লেটও নেই।আবু তাহের বলেন, স্টেশনে থাকার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তিনি শ্যামগঞ্জে থাকেন। তা ছাড়া অন্য কোনো সহকর্মী না থাকায় বিশ্বনাথকে দিয়ে তিনি টিকিট বিক্রি করান।পূর্বধলার জালশুকা স্টেশনে কর্মচারীর পদ চারটি হলেও কর্মরত আছেন একজন। স্টেশনে গিয়ে দেখা যায়, একমাত্র বুকিং সহকারী লোকমান হোসেনও অনুপস্থিত। তাঁর স্থলে স্টেশনের পানের দোকানদার রতন মিয়া টিকিট বিক্রি করছেন।রতন মিয়া বলেন, তিনি দু-তিন বছর ধরে এভাবে টিকিট বিক্রি করছেন। বুকিং সহকারী ১০-১৫ দিন পর পর এসে হিসাব বুঝে নেন। তিনিও (রতন) যেদিন আসেন না, সেদিন টিকিট বিক্রি বন্ধ থাকে। অভিযোগের বিষয়ে মুঠোফোনে লোকমান হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে গত ২৫ জুলাই তিনি মুঠোফোনে বলেছিলেন, স্টেশনে আবাসনব্যবস্থা না থাকায় সেখানে নিয়মিত থাকা তাঁর পক্ষে সম্ভব হয় না। দোকানদারকে দিয়ে টিকিট বিক্রির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই করছেন বলে দাবি করেন তিনি। ওই দুটি স্টেশনের পাশাপাশি পূর্বধলার জারিয়া স্টেশনেরও একই চিত্র। খোঁজ নিয়ে জানা যায়, এ স্টেশনে তিনজন স্টেশন মাস্টার, তিনজন বুকিং সহকারীসহ মোট ১৮টি পদ রয়েছে। তবে কর্মরত আছেন মাত্র চারজন।স্টেশনের নবনির্মিত ভবনটি হস্তান্তর না হওয়ায় সেটি অব্যবহূত পড়ে আছে। পুরোনো জরাজীর্ণ ভবনে কাজকর্ম চলছে। বুকিং সহকারী আবু জাফর জানান, পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তার পরও বাধ্য হয়ে সেখানেই কাজ চালাতে হচ্ছে। জনবলসংকটের কারণে টিকিট বিক্রিসহ অন্যান্য কাজকর্মে বিঘ্ন ঘটছে বলে স্বীকার করেন তিনি।