সদরঘাটে যাত্রী হয়রানি কমাতে ও কুলিদের দৌরাত্ম্য ঠেকাতে বিশেষ নজরদারি শুরু করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি করায় সদরঘাটে এক কুলিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আজ প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘সদরঘাটে ইচ্ছামতো টোল আর কুলি ভাড়া আদায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের দৃষ্টিতে আসে। এরই পরিপ্রেক্ষিতে আজ থেকেই বিআইডব্লিউটিএর কর্মকর্তারা যাত্রী হয়রানি বন্ধে বিশেষ নজরদারি শুরু করেছেন বলে সদরঘাট সূত্রে জানা গেছে।
সদরঘাটের বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, বিকেলে মো. হানিফ নামের এক যাত্রী খাট, জাজিম, চেয়ার ও হাঁড়িপাতিল নিয়ে বাকেরগঞ্জে যাওয়ার জন্য সদরঘাটে আসেন। এ সময় সেলিম নামের এক কুলি মালামাল বহনের জন্য তাঁর কাছে এক হাজার ৫০০ টাকা দাবি করেন। হানিফ বিআইডব্লিউটিএর অফিসে বিষয়টি জানান। পরে কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে সেলিমকে ধরে পুলিশে সোপর্দ করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হানিফ নামের এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘাটশ্রমিক সেলিমকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, যাত্রী হয়রানির অভিযোগে সেলিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।