কুলিয়ারচর-ঢাকা বাস চলাচল ৫০ দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে যাতায়াত করতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামবাসীকে আড়াই ঘণ্টার নদীপথ পার হয়ে কুলিয়ারচরে আসতে হয়। সেখান থেকে বাসে করে গন্তব্যে যায় তারা। কিন্তু কুলিয়ারচর থেকে এক মাস ২০ দিন ধরে বাস চলছে না।
বাস না চলায় কুলিয়ারচর ও অষ্টগ্রামবাসী অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। আওয়ামী লীগের কয়েকজন কর্মীর চাঁদা চাওয়া নিয়ে অচলাবস্থার শুরু। এই অবস্থায় বিকল্প হিসেবে কুলিয়ারচর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভৈরব এসে যাত্রীদের বাস ধরতে হচ্ছে। এতে তাদের অর্থ ও সময় দুই-ই বেশি লাগছে।
জানা যায়, স্বপ্নবিলাস পরিবহনের যাত্রা শুরু ১৪ বছর আগে। এই সার্ভিসের মাধ্যমে ঢাকার সঙ্গে কুলিয়ারচরের সরাসরি সড়ক যোগাযোগের শুরু। কুলিয়ারচর থেকে ঢাকার দূরত্ব ১০৮ কিলোমিটার। বর্তমান ভাড়া ১৩০ টাকা। কিন্তু চার বছর ধরে এটির যাত্রীসেবার মান নিচে নেমে আসে এবং লাভের হারও কমে আসে।
স্বপ্নবিলাস পরিবহনের কয়েকজন কর্মী জানান, বর্তমানে একটি বাস কুলিয়ারচর থেকে ঢাকায় পৌঁছাতে ব্যয় হয় সাড়ে তিন হাজার টাকা। এমনিতেই কোনো কোনো সময় ভাড়া থেকে ব্যয়ের অর্থ মেটানো সম্ভব হয় না। এরই মধ্যে আওয়ামী লীগের স্থানীয় কর্মী দুই সহোদর শের আলম ও নূর আলম চাঁদা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তাঁরা ১৬ আগস্ট থেকে বাস চলাচল বন্ধ করে দেন। চার দিন বন্ধ থাকার পর আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান হলেও মালিক সড়কে আর বাস নামাননি।
জানতে চাইলে পরিবহনটির কাউন্টার পরিচালক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, পরিচালন ব্যয় বেড়েছে। তার ওপরে বাড়তি খরচ জোগাতে হলে মালিকের পক্ষে লাভের মুখ দেখা সম্ভব নয়। হিসাব-নিকাশ না মেলা পর্যন্ত বাস নামানো সম্ভব নয়।
সম্প্রতি এক সকালে কুলিয়ারচর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, স্বপ্নবিলাস পরিবহনের কাউন্টারটি তালাবদ্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও লোকজন তেমন ছিল না। অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন যাত্রী। তাঁদের একজন অষ্টগ্রামের বাঙ্গালপাড়া গ্রামের জুতার ব্যবসায়ী কাসেম মিয়া। তিনি বলছিলেন, বাস না থাকায় সময় ও টাকা দুই বেশি লাগছে।
কুলিয়ারচরের গাইলকাটা গ্রামের ইদ্রিস আলী বলেন, ‘আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি। বাস না চলায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।’
স্বপ্নবিলাসের কর্মী মিলন মিয়া বলেন, বাস না চলায় সবচেয়ে ক্ষতি হচ্ছে পরিবহন শ্রমিক পরিবারের।
আওয়ামী লীগের কর্মী নূর আলম বলেন, ‘আমাদের ওপর দোষ চাপিয়ে কিছুদিন আগে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই সমস্যা হবে না। তার পরও তাঁরা বাস চালাচ্ছেন না। আসলে নিজেদের সমস্যার কারণে স্বপ্নবিলাস চলছে না।’