কুলিয়ারচরে বাস খাদে পড়ে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মনোহরপুর এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নান্দাইল উপজেলার কাকচর গ্রামের উমেদা বেগম (৬০), চণ্ডীপাশা গ্রামের জসিম উদ্দিন (৬৭) ও জালুয়া গ্রামের আহেরা খাতুন (৭২)। আহত ব্যক্তিদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলেই জসিম নিহত হন। আর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান উমেদা ও আহেরা।
পুলিশ জানায়, মাজার জিয়ারত করার জন্য বাস ভাড়া করে রাত ১১টার দিকে অন্তত ৪০ জন ময়মনসিংহের নান্দাইল বাসস্ট্যান্ড থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বাসটি রাত একটার দিকে কুলিয়ারচরের মনোহরপুর এলাকা অতিক্রম করার সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সেটি উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে কুলিয়ারচর টহল পুলিশ ও ভৈরব সড়ক পুলিশ এসে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
নিহত উমেদা বেগমের ভাগনে মো. শাওন বাসটির আরোহী ছিলেন। দুর্ঘটনায় তিনিও আহত হন। শাওন বলেন, ঘটনার সময় বাসের প্রায় সবাই ঘুমাচ্ছিলেন। ঝাঁকুনিতে অনেকে ঘুম থেকে উঠে যান। এরপর গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর বাসের চালককে পাওয়া যায়নি। চালকের সহকারীকে আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।