কুলিয়ারচরে যুবলীগ নেতা আলমগীর গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও তাঁর আপন ভাই মো. তৌফিককে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত ও পৌর কর্মচারী কল্যাণ ক্লাব থেকে টেলিভিশন চুরির অভিযোগে আলমগীরকে এবং একাধিক নারীর শ্লীলতাহানির অভিযোগে তৌফিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আলমগীর ১৩ আগস্ট সকালে পৌর কর্মচারী কল্যাণ ক্লাবের তালা ভেঙে একটি টেলিভিশন নিয়ে যান। এ ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদী হয়ে আলমগীর ও তাঁর সহযোগী রুবেল মিয়াকে আসামি করে চুরির মামলা করেন। এর আগে ২০১১ সালের ২৮ নভেম্বর আলমগীর ইউএনওর কার্যালয়ে গিয়ে তৎকালীন ইউএনও শাহ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
১৭ আগস্ট তৌফিক তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় মেয়েটির মা থানায় একটি মামলা করেন। এ ছাড়া তৌফিকের বিরুদ্ধে আরও দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।
আলমগীর পুলিশ হেফাজতে সাংবাদিকদের বলেন, ‘টেলিভিশনটি আমি কিনে দিয়েছিলাম।’ ইউএনওকে মারধরের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘ঠিকাদারি কাজের বিল পেতাম। ইউএনও সই দিচ্ছিলেন না। সেই সইটি আনতে গিয়েছিলাম।’
তৌফিকও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।