কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মনোহরপুর এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা মাজার জিয়ারত করতে ময়মনসিংহের নান্দাইল থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন আহেরা খাতুন (৭২), জসিম উদ্দিন (৬৭) ও উমেদা বেগম (৬০)। তাঁদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন গ্রামে।
আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
পুলিশ ও কয়েকজন আহত যাত্রীর ভাষ্য, গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি সংরক্ষিত (রিজার্ভ) বাসে করে অন্তত ৪০ জন যাত্রী নান্দাইল বাসস্ট্যান্ড থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বাসে গবাদিপশুও ছিল। রাত একটার দিকে বাসটি কুলিয়ারচরের মনোহরপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে জসিম মারা যান।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে কুলিয়ারচর টহল পুলিশ ও ভৈরব সড়ক পুলিশ। তারা আহত যাত্রীদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পর মারা যান উমেদা ও আহেরা।
পুলিশ ও যাত্রীরা জানায়, দুর্ঘটনার পর বাসচালকের খোঁজ পাওয়া যায়নি। বাসের সহকারী শ্যামল মিয়া আহত হয়েছেন। তাঁকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, লাশ তিনটি বাজিতপুর থানার হেফাজতে রাখা হয়েছে।