কুলিয়ারচর-অষ্টগ্রাম নৌপথে ফের লঞ্চ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর-অষ্টগ্রাম নৌপথে গতকাল বুধবার থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে। দুই পক্ষের দ্বন্দ্বে গত শনিবার থেকে এ পথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে উপজেলা ও থানা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে ওই অচলাবস্থার অবসান হয়।

লঞ্চমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা ও কিশোরগঞ্জসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে যাতায়াত করতে অষ্টগ্রামবাসীকে লঞ্চে করে প্রথমে কুলিয়ারচর আসতে হয়। এরপর তাঁরা বাস বা ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যান। লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর হাওরের ওই উপজেলাবাসী কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় অষ্টগ্রাম ও কুলিয়ারচর উপজেলা প্রশাসন সমস্যা সমাধানে উদ্যোগী হয়।

গতকাল সকালে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ইউএনও মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে সমঝোতা সভা বসে। এতে অংশ নেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান। কুলিয়ারচর থেকে যোগ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল মিল্লাত, মেয়র আবুল হাসান ও পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন। সভায় উভয় পক্ষ জনদুর্ভোগের কথা ভেবে লঞ্চ চালাতে একমত হন। পরে প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটি দুই পক্ষের কথা শুনে পরবর্তী ব্যবস্থা নেবে।

জানতে চাইলে মহসিন উদ্দিন বলেন, ‘লঞ্চমালিকের সমস্যার চেয়ে জনদুর্ভোগ বড়। সে কারণে আগে লঞ্চ চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিয়েছি।’

নদীপথে লঞ্চ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে কুলিয়ারচরের লঞ্চমালিক মস্তু মিয়া ও অষ্টগ্রামের রোকন উদ্দিনের মধ্যে কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও লঞ্চ ভাঙচুরের ঘটনার পর লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।