কুলিয়ারচর ও ঈশ্বরগঞ্জে সংঘর্ষে আহত ৪৮
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গ্রামীণ মেলায় আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তাসহ ৪০ জন আহত হয়েছেন। একই দিন সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া গ্রামে সংঘর্ষে আহত হন আটজন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলিয়ারচর শহরে গ্রামীণ মেলা চলছে। ১২ জানুয়ারি শহরের গাইলকাটা ও বরখারচর মহল্লার বাসিন্দারা মেলায় গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তখন উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মেলার মাঠে বরখারচরের সুজন মিয়া নামের এক যুবককে গাইলকাটার বাসিন্দারা মারধর করেন। বৃহস্পতিবার বিকেলে বরখারচরের বাসিন্দারা অপর পক্ষের শরীফ মিয়াকে মারধর করেন। এর জের ধরে বিকেল সাড়ে চারটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একটি চালকল, তিনটি ট্রাক ও তিনটি দোকান ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি শেল ও ফাঁকা গুলি ছোড়ে।কুলিয়ারচর থানার এসআই মো. শাহা নূর প্রথম আলোকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।ঈশ্বরগঞ্জে সংঘর্ষের ঘটনায় জাটিয়া গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন গতকাল শুক্রবার ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী আবুল হোসেনের সঙ্গে কফিলের বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় লাঠিসোঁটা নিয়ে আবুল ও তাঁর লোকজন কফিলের বাড়িতে হামলা চালান।