কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ঢাকার মধ্যে বিআরটিসি বাস চলাচল গত সোমবার বিকেল থেকে বন্ধ রয়েছে। বিআরটিসির স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের নেতারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা বলছেন, তাঁরা বাস চলাচল বন্ধ করেননি। মূলত বিআরটিসি বাস সার্ভিসের মালিকদের মধ্যে বিরোধের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।কুলিয়ারচর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রসুল অভিযোগ করেন, কুলিয়ারচর পরিবহনের মাধ্যমে বিআরটিসির ১৫টি বাস ঢাকা-কুলিয়ারচরের মধ্যে চলাচল করে। কুলিয়ারচর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মন্টু মিয়া, সদস্য নূরে আলম এবং ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেরাজ খন্দকার গত রোববার তাঁর কাছে দিনপ্রতি এক হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁরা লোকজন নিয়ে এসে বাস চলাচল বন্ধ করে দেন। এর পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মন্টু মিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিআরটিসির বাস এক জেলা থেকে অন্য জেলায় চলাচল করার নিয়ম। কিন্তু বিআরটিসি কর্তৃপক্ষ সড়কের মধ্যে একাধিক কাউন্টার বসানোর কারণে যানজট সৃষ্টি হয়। আমরা তাদের সঙ্গে এসব অনিয়ম নিয়ে কথা বলেছি। তা ছাড়া আমরা যতটুকু জানি, বিআরটিসি সার্ভিসের মালিকদের মধ্যে লেনদেন নিয়ে ঝামেলা চলছে। মূলত এ কারণে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।’ কাউন্সিলর মেরাজ খন্দকার বলেন, ‘বিআরটিসি সার্ভিস কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন ছিল, তারা যেন আমাদের কয়েকজন কর্মীকে খেটে খাওয়ার সুযোগ করে দেয়। কিন্তু তারা আমাদের কথা রাখেনি। তাদের সঙ্গে আমাদের শুধু এ ব্যাপারেই কথা হয়েছে। বাস চলাচল কেন বন্ধ হলো, তা আমরা বলতে পারব না।’