কুলিয়ারচর-ঢাকা সড়কে দুই দিন ধরে বিআরটিসির বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে কুলিয়ারচর-ঢাকা সড়কে দুই দিন ধরে বিআরটিসির বাস চলাচল বন্ধ রয়েছে।জানা গেছে, গত বুধবার কুলিয়ারচরের দাড়িয়াকান্দি গ্রামের গৃহবধূ পারুল বেগম (৩২) তাঁর সাত বছরের সন্তানকে নিয়ে বিআরটিসির বাসে করে ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বাসের হেলপারের সঙ্গে তাঁর সন্তানের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বাসটি দাড়িয়াকান্দির আগের স্টপেজ মীরেরচরে পৌঁছালে হেলপার তাঁকে ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এদিনই ওই সড়কে বিআরটিসির বাস বন্ধ করে দেয়। এদিকে গতকাল বৃহস্পতিবার ভৈরবে বিআরটিসির আরেকটি বাসের হেলপারের সঙ্গে যাত্রীদের কথা-কাটাকাটি হয়। এ দুই ঘটনার জের ধরে এলাকাবাসী গতকাল সকালে কুলিয়ারচর-ঢাকা সড়কে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের দুদিকে অসংখ্য গাড়ি আটকা পড়ে। কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিআরটিসির বাস চলবে না শর্ত দিলে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে বিআরটিসির বাস চলাচল এখনো বন্ধ রয়েছে।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামালউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ শুক্রবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।