কুলিয়ারচর বাজারে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলা সদরের রাজ কমপ্লেক্সের একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় দমকল বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজ কমপ্লেক্সের মাখন চন্দ্রের মুদির দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হয়। পরে আগুনের শিখা দ্রুত কমপ্লেক্সের চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে কুলিয়ারচর, পরে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলা থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এরই মধ্যে পুড়ে যায় কমপ্লেক্সের নেপাল স্টেশনারি ও কনফেকশনারি, সুভাষ চন্দ্র শীল ঘর, নিপু কম্পিউটার, মোবারক হোসেনের কোমল পানীয়, একটি আইসক্রিম কারখানা, মাখন চন্দ্রের মুদির দোকান, কমপ্লেক্সের নিজস্ব অফিসকক্ষ ও একটি গোডাউন।রাজ কমপ্লেক্সের মালিক আবু বক্কর মিয়া বলেন, আগুনে মার্কেটের আটটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমার ক্ষতি হয়েছে ২০ লাখ টাকা। আর ব্যবসায়ীদের কম করে হলেও ৩০ লাখ টাকা। সব মিলিয়ে আগুনে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।