কুলিয়ারচর বিএনপির আট নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ বিচারিক হামিক আদালত গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, যুব ও ছাত্রদলের আট নেতা-কর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন। তাঁরা সবাই কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। এর প্রতিবাদে স্থানীয়রা গতকাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
ভৈরব রেলওয়ে থানার দায়ের করা একটি মামলায় এই নেতা-কর্মীরা আত্মসমর্পণ করলে বিচারিক হাকিম আলাউল আকবর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠান।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর ভৈরব রেলওয়ে থানার কুলিয়ারচর রেল স্টেশনে একটি লোকাল ট্রেন যাত্রা বিরতির সময় অজ্ঞাতনামা ১৭০ থেকে ১৮০ জন অবরোধকারী নাশকতার উদ্দেশ্যে এর চালককে নামিয়ে আটকে রাখেন। এতে ওই পথে আরও দুটি ট্রেনের চলাচল বিঘ্নিত হয়।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম একটি মামলা করেন। পরে মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, উপজেলা যুবদল নেতা আজহার উদ্দিন, পৌর ছাত্রদল নেতা দেলোয়ার, ওসমানপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামানসহ আটজনকে আসামি করা হয়। এত দিন তাঁরা জামিনে ছিলেন। গতকাল মামলাটির শুনানির দিন ছিল। সে অনুযায়ী তাঁরা হাজির হলে আদালত তাঁদের জমিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
খবরটি ছড়িয়ে পরলে বিএনপির কয়েক শ নেতা-কর্মী আদালত চত্বরে জড়ো হয়ে মিছিল ও সমাবেশ করে অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, মামলার এজহারে আসামিদের নাম ছিল না। পরে উদ্দেশ্যমূলকভাবে ওই আটজনকে আসামি করা হয়েছে।