কুলিয়ারচরে আ.লীগ নেতার ছেলের নেতৃত্বে হামলার অভিযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পৌর এলাকার মাসকান্দায় গতকাল রোববার এক বাড়িতে হামলায় তিন নারীসহ ছয়জন আহত হয়েছেন। হামলার শিকার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হানিফ মিয়ার ছেলে হালিম মিয়ার (২৫) নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ সময় দুটি বসতঘর ভাঙচুর, টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়। তবে হানিফ মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হালিমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাঠি ও দেশি অস্ত্র নিয়ে স্থানীয় জাহাঙ্গীর মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে এসে সন্ত্রাসীদের লাঠি ও অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর মোল্লার ছোট ভাই কাউসার মোল্লা (৩৪), ছেলে রাহাত মোল্লা (১৮), রুমি মোল্লা (২৩), ছোট ভাইয়ের স্ত্রী আফিয়া বেগম (৩৪), ইভা বেগম (২২) ও সালেহা বেগম (৩৫) আহত হন। গুরুতর আহত রাহাত মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কাউসার মোল্লাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সালেহা বেগমকে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর মোল্লা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতার ছেলে হালিমের নেতৃত্বে এ হামলা হয়েছে। হানিফ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখনো কেউ মামলা করতে আসেনি।