কুলিয়ারচরে আ.লীগের দুই পক্ষে হাতাহাতি, পাল্টাপাল্টি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও সাবেক সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে এ হাতাহাতি হয়। পরে উভয় পক্ষই পাল্টাপাল্টি সভায় একে অপরের বিরুদ্ধে ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগ আনে।জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কার্যালয় চত্বরে কর্মিসভা আহ্বান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। বিকেল পাঁচটার দিকে ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরা মিয়া সরকারের সভাপতিত্বে কর্মিসভা শুরু হওয়ার কিছুক্ষণ পর সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন, সদস্য মজিবুর রহমান, এনামুল হক, সদরুজ্জামান উপস্থিত হয়ে সভার বৈধতা নিয়ে প্রশ্ন করেন। এ সময় উভয় পক্ষে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে এলে কিছুক্ষণ সভার কার্যক্রম বন্ধ থাকে।কর্মিসভায় বলা হয়, জাহাঙ্গীর ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগের ক্ষমতাবলে এলাকায় ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়। এ কারণেই দলীয় কাজে বাধা দেওয়া হচ্ছে।পরে মো. জাহাঙ্গীর সমর্থিত ব্যক্তিরা ছয়সূতি উচ্চবিদ্যালয় মাঠে সভা করেন। সভায় বলা হয়, উপজেলা কমিটির অধিকাংশ নেতাকে না জানিয়ে আবুল হোসেন তাঁর অনুসারীদের নিয়ে গোপনে সভা করতে চেয়েছিল। ফলে অনিয়মতান্ত্রিক সভার এবং দলের নাম ভাঙিয়ে অবৈধ প্রক্রিয়ায় অর্থ উপার্জনের প্রতিবাদ জানাতে বাধ্য হয়ে সভাস্থলে হাজির হতে হয়েছে। সভা শেষে সন্ধ্যায় জাহাঙ্গীর সমর্থকেরা মিছিল বের করেন।মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘দলের স্বার্থে আজ আমাদের প্রতিবাদ জানাতে হয়েছে।’আবুল হোসেন প্রথম আলোকে বলেন, সভাটি ছিল ছয়সূতি ইউনিয়ন আওয়ামী লীগের। ইউনিয়ন কমিটির সভায় দলের কিছু নেতা বাধা দেওয়ার চেষ্টা করেন।