কুলিয়ারচরে আবাসিক গ্যাস সরবরাহ শুরু
কিশোরগঞ্জে কুলিয়ারচরে আবাসিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পৌর শহরের বাসিন্দারা এই সংযোগের আওতায় আসেন। এর মাধ্যমে এখানকার মানুষের দুই যুগের প্রতীক্ষার অবসান ঘটল।
ভৈরব ও কুলিয়ারচর—এই দুটি উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন। এ আসনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়ে তিনি রাষ্ট্রপতি হন। উপনির্বাচনে বিজয়ী হন তাঁর ছেলে নাজমুল হাসান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জিল্লুর রহমানের কাছে কুলিয়ারচরবাসীর অনেক চাওয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল আবাসিক গ্যাস সরবরাহ। দাবিটি প্রথম ওঠে দুই যুগ আগে। নির্বাচিত হলে গ্যাস দেবেন—এমন প্রতিশ্রুতি দিয়ে জিল্লুর রহমান একাধিকবার ও তাঁর ছেলে নাজমুল হাসান উপনির্বাচনে ভোটারদের মন নরম করেছিলেন। জীবদ্দশায় জিল্লুর রহমান প্রতিশ্রুতি পূরণ করে যেতে পারেননি। তবে গতকাল তাঁর ছেলে সাংসদ নাজমুল হাসান গ্যাস সরবরাহের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দুপুরে স্থানীয় শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠান হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সভার সভাপতিত্ব করেন। নাজমুল হাসান বলেন, ‘আমার বাবার (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান) কাছে গ্যাস সরবরাহের দাবি ছিল। আজ সেই দাবি পূরণ হলো। আমি মনে করি, দীর্ঘদিন পর হলেও আমরাই কুলিয়ারচরের প্রাণের দাবি পূরণ করতে পেরেছি।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক মো. আবদুস ছাত্তার, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মুছা মিয়া প্রমুখ।