কুলিয়ারচরে ইমাম হত্যায় আটক নারীর স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরের পাঞ্জেখানা মক্তবের ইমাম মিজানুর রহমানকে (২৭) হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আটক নারী ময়না বেগম (২৪)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ময়না। বিচারিক হাকিম আবদুর নুর জবানবন্দি রেকর্ড করেন। কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) কোহিনুর মিয়া প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোহিনুর মিয়া বলেন, গত সোমবার সকালে উপজেলার উসমানপুর ইউনিয়নের বিলপাড়হাটি এলাকা থেকে ইমামের বস্তাবন্দী লাশ উদ্ধার হওয়ার পরপর ময়নাকে ওই এলাকা থেকে আটক করা হয়। ময়নার বাবার বাড়ি কুলিয়ারচর উপজেলার রামদী উপজেলার মনোহরপুর গ্রামে। স্বামী নজরুল ইসলাম সম্পর্কে তাঁর মামতো ভাই। ১০ বছর আগে নজরুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। নজরুল পাঁচ বছর ধরে দুবাইপ্রবাসী। তাঁদের একটি সন্তান রয়েছে।

জবানবন্দিতে ময়না বলেন, ঘরের পাশের মক্তবের ইমাম হিসেবে মিজানের সঙ্গে তাঁর পরিচয় ছিল। রোববার দিবাগত রাত একটার দিকে মিজান তাঁর ঘরের দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর মিজান ঘরে ঢোকেন। কিছুক্ষণ পর মিজান তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন। তখন উপায় না পেয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করতে হাতের কাছে থাকা লোহার রড দিয়ে প্রথমে মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে মিজান সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন ক্ষোভে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ বস্তাবন্দী করা হয়। লাশ গায়েবের জন্য ময়না একজনের সহযোগিতা নেওয়ার কথা বললেও মামলার স্বার্থে কোহিনুর নামটি গোপন রাখেন।

এই ঘটনায় মিজানের ভাই নুরুল ইসলাম সোমবার রাতে অজ্ঞাতনামা আসামি করে কুলিয়ারচর থানায় হত্যা মামলা করেন।

নুরুল ইসলাম বলেন, ‘আমার বিশ্বাস ময়না ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা হত্যার সঙ্গে জড়িত। তবে বিচারের সময় আদালতের অনুকম্পা পেতে জবানবন্দিতে ময়না সাজানো কথা বলেছে।’ তিনি আরও বলেন, তাঁরা জেনেছেন এলাকায় অন্য একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়না। মিজান পুরো ঘটনাটি জানতেন। পথের কাঁটা সরাতে ময়নার বলি হয়ে থাকতে পারেন মিজান।

মিজানের বাড়ি কিশোরগঞ্জ সদরের বোলাই গ্রামে। পাঁচ বছর ধরে বিলপাড়হাটি পাঞ্জেখানা মক্তবের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি স্থানীয় শিশু-কিশোরদের আরবি শিক্ষাও দিতেন। মক্তবের বারান্দায় তৈরি করা টিনশেডের একটি কক্ষে ঘুমাতেন তিনি। রোববার রাত সাড়ে তিনটার দিকে উসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্রাম হোসেন দেখতে পান, এক যুবক মাথায় করে একটি বস্তা নিয়ে যাচ্ছে। চোর সন্দেহ তিনি দাঁড়াতে বলামাত্র বস্তা ফেলে চলে যান। বস্তায় লাশ দেখতে পান আক্রাম। ঘটনাস্থল থেকে পুলিশ নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।