কুলিয়ারচরে এক ব্যক্তির বিরুদ্ধে ঝাড়ুমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গ্রামবাসী লিখিত অভিযোগ দিয়েছে। গত সোমবার উপজেলার মধ্য সালুয়া গ্রামে ওই ব্যক্তির বিচার দাবিতে ঝাড়ুমিছিল করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্য সালুয়া গ্রামের ওই ব্যক্তির (৫০) প্রায়ই নারীদের শ্লীলতাহানির চেষ্টা করেন। সর্বশেষ ২২ জানুয়ারি রাতে একই গ্রামের এক ব্যক্তির ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা চালান তিনি। এ ঘটনায় পরদিন গ্রামবাসী তাঁকে পিটুনি দেয়। কয়েক দিন আগে গ্রামের আরও অন্তত তিনটি ঘরে ঢুকে তিনি একই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। এসব ঘটনায় গ্রামে একাধিক সালিস হয়। এতেও কোনো প্রতিকার না হলে লোকজন অতিষ্ঠ হয়ে ঝাড়ুমিছিল বের করে। শেষমেশ গণস্বাক্ষরিত একটি অভিযোগ ইউএনওর কাছে জমা দেয় প্রামবাসী।
তবে অভিযোগ অস্বীকার করে ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টি তাঁর বিরুদ্ধে সাজানো নাটক। তিনি গ্রাম্য রাজনীতির শিকার।