কুলিয়ারচরে একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচন চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরের বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ওই কেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার বেলা সোয়া দুইটার দিকে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা দেড়টার দিকে সরকার-দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ওই কেন্দ্র থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করেন। ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুলিয়ারচরের ১৪ নম্বর বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সৈয়দ হাসান সারওয়ারের সমর্থকেরা হামলা চালায়। এ সময় তাঁরা সবগুলো ব্যালটবাক্স ছিনিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে।

বেলা দুইটার দিকে ওই কেন্দ্রের বাইরে ও সড়কে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় কয়েকটি বাক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা মো. রিচু মিয়া বলেন, ‘৩০ থেকে ৪০ জন যুবক আকস্মিক কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। অসহায় বসে থাকা ছাড়া আমাদের কিছুই করার ছিল না।’ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।

ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, ওই হামলায় রমজান মিয়া নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। ১২টি গুলি ছুড়ে ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের রক্ষা করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় কলাকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা একটার দিকে হামলার চেষ্টা হলে পুলিশ ১১টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।