কুলিয়ারচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।নিহত জামাল মিয়ার (৩০) বাড়ি উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামে। এই ঘটনায় সিলিন্ডার মালিক ভাটিজগৎচর গ্রামের বাছির উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভিটিগাঁও গ্রামে গ্রামীণ মেলা চলছে। শুক্রবার রাত নয়টার দিকে জামাল মেলা দেখতে যান। সেখানে এক দোকানি সিলিন্ডারের গ্যাসের সাহায্যে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। একপর্যায়ে সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। এতে জামাল গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর চারটায় তিনি মারা যান। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, রান্নার কাজে ব্যবহূত সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস ভরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। বাসের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্র নিহতনিজস্ব প্রতিবেদক, ভৈরব আরও জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের ছয়সুতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত হূদয় মিয়া (১২) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া গ্রামে।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, এই ঘটনায় হূদয়ের মামা ইসমাইল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। চালক জুয়েল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।