কুলিয়ারচরে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত সন্দেহে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গণপিটুনিতে দুইব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বাদল মিয়া (৩৫), বাড়ি উপজেলার নলবাইদ গ্রামে এবং নরসিংদীর বেলাব উপজেলার কাশিমপুর গ্রামের সুমন মিয়া (৩৫)। সুমনের স্ত্রী নূরুন্নাহার বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী রেলওয়ে বিভাগে চাকরি করতেন। দুই বছর আগে তিনি চাকুরিচ্যুত হন। পরে তিনি অপরাধমূলক কার্যকালাপে জড়িয়ে পড়েন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে উত্তর সালুয়া গ্রামের মৃত হারিছ মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা প্রথমে ঘরের সদর দরোজার কড়া নাড়ে। একপর্যায়ে হারিছের স্ত্রী দরোজা খুলে দিলে ঘরের ভেতর ঢুকে গৃহবধূ ও তাঁর এক মেয়েকে পিটিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা চলে যাবার পর পরিবারের সদস্যদের চি ৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসে। এছাড়া ডাকাতির এই ঘটনাটি স্থানীয় মসজিদের মাইকেও প্রচার করা হয়। খবর শুনে কয়েক হাজার গ্রামবাসী ডাকাতের পিছু ধাওয়া দেয়। পরে উপজেলার ডোমরাকান্দা এলাকায় দুইজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূয়ীদ চৌধুরী গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুইজনের পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় দেড় হাজার গ্রামবাসীকে আসামি করা হয়েছে।