কুলিয়ারচরে তরুণ ও কমলগঞ্জে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক নারীকে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে চোরের ছুরিকাঘাতে নুরুল ইসলাম (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জসিম মিয়া (১১) নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামের মৃত নজিব আলীর স্ত্রী আমিরুন বেগম (২৮)। তাঁর সঙ্গে প্রতিবেশী আবদুল মিয়ার (৩৫) সম্পর্ক গড়ে উঠলে একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত বুধবার রাত ১২টা পর্যন্ত আবদুল মিয়া গ্রাম্য এক ডাক্তারের মাধ্যমে গর্ভের ভ্রূণ নষ্ট করার চেষ্টা করেন। কিন্তু আমিরুন তাতে রাজি হননি। এরপর ওই রাতেই ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।কমলগঞ্জ থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।ভৈরব (কিশোরগঞ্জ): কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলাম কিছুদিন আগে বিয়ে করেছেন। তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। গত বুধবার ভোর সাড়ে চারটার দিকে সিঁধ কেটে কয়েকজন চোর তাঁর ঘরে ঢোকে। টের পেয়ে তিনি একজনকে জাপটে ধরেন। ওই সময় চোর তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নুরুল ইসলামের মৃত্যু হয়।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, এ ঘটনায় প্রতিবেশী সাইফুল ইসলামকে (২৭) প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বুধবার দুপুরে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র জসিম মিয়ার গত সোমবার দুপুরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ, প্রতিবেশী পাকশিমুল ইউনিয়নের দুষ্কৃতকারীরা পূর্ববিরোধের জের ধরে তাঁকে পিটিয়ে হত্যা করেছে। তবে পাকশিমুল ইউনিয়নের লোকজনের দাবি, একটি হত্যা মামলাকে ধামাচাপা দিতে ধামাউড়া গ্রামের লোকজন শিশুর দুর্ঘটনাজনিত মৃত্যুকে হত্যা বলে প্রচারণা চালাচ্ছে।জানা যায়, জসিম গত সোমবার সকালে পাশের বারপাইকার গ্রামে তার বাবার সঙ্গে কাজ করতে যায়। এ সময় তাদের মালিকানাধীন সেচপাম্পের মেশিনের সঙ্গে তার গামছা পেঁচিয়ে গেলে সে মারা যায়। পরে গ্রামের চতুর লোকজন জসিমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, ‘দুর্ঘটনাজনিত কারণে শিশুটির মৃত্যুর কথা আমি শুনেছি।’