কুলিয়ারচরে দলিল লেখককে পিটিয়ে জখম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে গত সোমবার মাকসু মিয়া নামের এক দলিল লেখককে পিটিয়ে জখম করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দাড়িয়াকান্দি মাঠে সমাবেশ করেছে এলাকাবাসী।দলিল লেখকেরা জানান, উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকার দলিল লেখক মাকসু মিয়া ৭২ হাজার টাকার বিনিময়ে গত সোমবার একটি দলিল সম্পাদনের জন্য একজন জমির ক্রেতার সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ জন্য তিনি ব্যাংকে চালান পাঠানোসহ অন্যান্য কাজও শেষ করেন। দলিল সম্পাদনের জন্য সাব-রেজিস্ট্রারের এজলাসে উপস্থাপনের কিছুক্ষণ আগে টাকার লেনদেন নিয়ে জমির ক্রেতার আত্মীয় লিটনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লিটন তাঁর তিন সহযোগীকে নিয়ে মাকসু মিয়াকে বেধড়ক পেটাতে থাকেন। সহ-দলিল লেখকেরা মাকসু মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।ঘটনার প্রতিবাদে সোমবারই দলিল লেখকেরা প্রতিবাদ মিছিল বের করেন। গতকাল বিকেলে এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়।