কুলিয়ারচরে দলিল লেখকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক মাকসু মিয়াকে পিটিয়ে আহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার কর্মবিরতি পালন করেছেন দলিল লেখকেরা। কর্মবিরতি চলাকালে সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে সমাবেশ করেছেন তাঁরা। কুলিয়ারচর দলিল লেখক সমিতির ডাকে ওই কর্মসূচি পালিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ঘটনার এক সপ্তাহ হয়ে গেলেও একজন ছাড়া মূল অভিযুক্ত ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। বক্তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলেও তাঁরা সতর্ক করে দেন। উল্লেখ্য, হামলার ঘটনায় পৌর শ্রমিক দল সভাপতি ফুল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।