কুলিয়ারচরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি বাজারের ইজারাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার সাত লাখ ৫২ হাজার টাকায় ইজারা নেন উপজেলা যুবলীগের সদস্য মো. মনির। তিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমর্থক হিসেবে পরিচিত। বাজারটি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ মূল্যে ইজারা দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হন। গত সোমবার উপজেলা পরিষদের পক্ষ থেকে বাজারের ইজারা মনিরকে বুঝিয়ে দেওয়া হয়। গতকাল মনির বাজার থেকে অতিরিক্ত হারে খাজনা আদায় শুরু করলে আবুল হোসেনের সমর্থকেরা তাঁকে বাধা দেন। মনির ও তাঁর লোকজন দা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বাধাদানকারীদের ওপর হামলা চালান। আবুল হোসেনের সমর্থকেরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহত নুরুল্লাহ (২৮) ও নজরুলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রূপক (২৫), বাবুল (২৬), লিটন (২৮), কাইয়ুম (৩২) ও আরশ মিয়াকে (৩৫) কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মো. মনির বলেন, আবুল হোসেন ও তাঁর লোকজনের বিরুদ্ধে তিনি দু-এক দিনের মধ্যে মামলা করবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, ‘দ্বিগুণ অর্থে বাজার ইজারা দেওয়ায় এলাকার গরিব ব্যবসায়ী ও কৃষকদের অতিরিক্ত খাজনা দিতে হচ্ছে। এলাকার লোকজন বিরোধিতা করায় চেয়ারম্যান সমর্থক মনির তাঁর দলবল নিয়ে আমার লোকজনের ওপর হামলা করে।’ডুমরাকান্দা বাজার প্রতিরক্ষা কমিটির আহ্বায়ক আবদুল বাতেন বলেন, এই ইজারা বাতিল করার জন্য তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় আছেন। আপাতত এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন গতকাল বিকেলে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। থানায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।