কুলিয়ারচরে দুই সপ্তাহে অর্ধশত গোয়ালশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গরু চুরি বেড়ে গেছে। গত দুই সপ্তাহে কৃষকের অর্ধশত গরু চুরি গেছে। এ অবস্থায় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে হাওরবাসীর দাবি, ‘মানুষের নয়, গরুর নিরাপত্তা চাই।’ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের বিস্তীর্ণ চারণভূমির কল্যাণে ও কৃষিকাজের প্রয়োজনে জেলার অনেক স্থানে গরু পালনের প্রসার ঘটেছে। আবার নৌ-যাতায়াতের সুবিধা কাজে লাগিয়ে গরুচোরদের একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে।কুলিয়ারচর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে থানায় অর্ধশত গরু চুরির অভিযোগ এসেছে। এর মধ্যে উপজেলার রামদী ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার তিনটি; আলী আকবরী গ্রামের বোরহান উদ্দিনের চারটি, একই গ্রামের বাচ্চু মিয়ার দুটি, মৃত হিরু মিয়ার চারটি, নুরু মিয়ার চারটি; তারাকান্দি গ্রামের প্রমোদ দেবনাথ ও তাঁর ভাতিজার তিনটি; মনোহরপুর গ্রামের বাচ্চু মিয়ার চারটি, সুনীল দেবনাথের দুটি, জমির উদ্দিনের একটি, মস্তু মিয়ার দুটি, মহরম আলীর একটি, মুক্তার উদ্দিনের একটি, গিয়াস উদ্দিনের তিনটি, ফালু মিয়ার একটি, ইসলাম উদ্দিনের দুটি, মনু মিয়ার চারটি; পৌর শহরের কামালিয়াকান্দি গ্রামের শহীদ মিয়ার একটি এবং সাবেক কাউন্সিলর কুদরত আলীর দুটি গরু চুরি গেছে।থানার পুলিশের সূত্রে জানায়, চোরের দল নদীঘেঁষা গ্রামগুলো থেকে গরু চুরি করে বেশি। ট্রলারে করে চোরাই গরু লাগোয়া উপজেলা ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল ও নরসিংদীর অপর সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছে।রামদী ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওয়াদুদ মিয়া বলেন, ‘চুরি হওয়া আমার তিনটি গরুর দাম দেড় লাখ টাকা হবে। এখন বোরো চাষের জুত পাইতাছি না।’ চারটি গরু নিয়ে যাওয়ার পর একই অবস্থা আকবরী গ্রামের বোরহান উদ্দিনের।জানতে চাইলে রামদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেনজির আহমেদ বলেন, ‘কী বলব? বলার কিছু নাই। লোকজন এখন আর আমরার কাছে নিজেদের নিরাপত্তা, ভিজিএফ কার্ড বা সড়ক সংস্কারের দাবি করে না। তারা এখন গরুর নিরাপত্তা চায়।’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুয়ীদ চৌধুরী বলেন, গরু চুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাড়তি সতর্কতা হিসেবে গরুবোঝাই ট্রাক পরীক্ষা করে ছাড়া হচ্ছে। আর সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সভা করা হচ্ছে।