কুলিয়ারচরে নৌকাডুবি তিন শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নৌকাডুবিতে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, নরসিংদীর বেলাব উপজেলার চর বেলাব গ্রামের আরমান মিয়া (৭), তার বোন সানিয়া বেগম (১০) ও তাদের মামাতো ভাই কুলিয়ারচর উপজেলার মাটিকাটা গ্রামের রায়হান মিয়া (৮)। গতকাল রোববার বিকেলে কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা এলাকার বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান ও রায়হান স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এবং সানিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।নিহতদের পরিবারের সদস্যরা জানান, আরমান ও সানিয়ার মামার বাড়ি কুলিয়ারচরের মাটিকাটা গ্রামে। ঈদ উপলক্ষে তারা তাদের মায়ের সঙ্গে মামার বাড়ি বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে তারা বাড়ি ফিরছিল। তাদের সঙ্গে যায় মামাতো ভাই রায়হান। কোষা নৌকাটি ১০ জন আরোহী নিয়ে বিকেল পাঁচটার দিকে চর বেলাবর উদ্দেশে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর নৌকাটি উল্টে যায়। বড়রা সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু তিনজন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের মৃতদেহ ভেসে ওঠে।রায়হানের বাবা কবির মিয়া জানান, কোষাটি আকারে ছোট ছিল। ১০ জন উঠার পর কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামানের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আগ্রহের কথা জানান। তাই ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করা হয়েছে।