কুলিয়ারচরে পুলিশ কর্মকর্তাকে মারধর, ভোট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা। এ সময় তাঁরা পুলিশের একজন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে ওই কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১৯ নম্বর আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সৈয়দ হাসান সারওয়ারের সমর্থকেরা হামলা চালান। তাঁরা ওই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) অজিত বর্মণকে মারধর করেন। এ সময় তাঁরা কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালান। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যরা ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা দরজা বন্ধ করে তাঁদের হাত থেকে রেহাই পান।

এ ঘটনার পর থেকে থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। বর্তমানে বিজিবিসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান-প্রার্থী সৈয়দ হাসান সারওয়ার ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল মিল্লাতও ওই কেন্দ্রে এসেছেন।

এএসআই অজিত বর্মণ বলেন, ‘সকাল থেকে কিছু উচ্ছৃঙ্খল যুবক বারবার কেন্দ্রে এসে ভোট গ্রহণে বাধা দিচ্ছিলেন। আমরা তাঁদের নিবৃত করার চেষ্টা চালাই। এতে তাঁরা আমাদের ওপর ক্ষুব্ধ হন। কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর তাঁরা হামলা চালান।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘কিছু লোক কেন্দ্রের ভেতরে হামলা চালিয়েছেন। আমরা নির্বাচনী মালামাল রক্ষা করে পেরেছি। এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ রাখা হয়েছে।’

উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফয়জুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে কেন্দ্রে আধিপত্য বিস্তারের চেষ্টা চালান। একপর্যায়ে তাঁরা হামলা চালান।’

আওয়ামী-সমর্থিত প্রার্থীর এজেন্ট মো. মানিক অভিযোগ করেন, ‘কেন্দ্রের ভেতরে বিএনপির নেতা ফয়জুল্লাহ আমাকে চড়-থাপ্পড় মারেন। তাঁদের অত্যাচারে আমি বেরিয়ে যাই। পরে আমাদের লোকজন এর প্রতিবাদ জানাতে আসেন।’