কুলিয়ারচরে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে উপজেলার ঢুমুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এক আদেশে গত বুধবার তাঁকে বরখাস্ত করেন। কুলিয়ারচর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক রাশিদুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে গত ৯ জুলাই। এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী পর দিন ১০ জুলাই মিছিল করে প্রধান শিক্ষকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই দিনই পুলিশ প্রধান শিক্ষককে আটক করে। পর দিন ১১ জুলাই ওই ছাত্রীর মা প্রধান শিক্ষককে আসামি করে যৌন নিপীড়নের অভিযোগে কুলিয়ারচর থানায় মামলা করেন। ওই মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।