কুলিয়ারচরে প্রশিকা কার্যালয়ে দুই পক্ষের পাল্টাপল্টি দখল
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশিকা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিষ্ঠানটির দুই পক্ষের কর্মীদের মধ্যে দখল ও পাল্টা দখলের ঘটনা ঘটেছে। গত শনিবার কাজী ফারুক ও ওয়াদুদ ভূঁইয়ার সমর্থক-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের এলাকা সমন্বয়কারীর পদ থেকে আবদুল আওয়ালকে সরিয়ে দেওয়া হয়। সম্প্রতি কাজী ফারুক আবদুল আওয়ালকে আবার কুলিয়ারচর কার্যালয়ে এলাকা সমন্বয়কারীর পদে নিয়োগ দেন। কাজী ফারুক স্বাক্ষরিত ওই নিয়োগপত্র নিয়ে আবদুল আওয়াল গত সপ্তাহে কুলিয়ারচর কার্যালয়ে যান। কিন্তু ওয়াদুদ ভূঁইয়ার সমর্থক কর্মীদের বাধার মুখে তিনি দায়িত্ব বুঝে নিতে ব্যর্থ হন। এরপর আবদুল আওয়াল শনিবার ১৫-২০ জন কর্মী নিয়ে প্রশিকা কার্যালয়ে হামলা চালান। তাঁরা ওয়াদুদ ভূঁইয়ার সমর্থক কর্মীদের মারধর করে সবাইকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনার কিছুক্ষণ পরে ওয়াদুদ-সমর্থক কর্মীরা সংগঠিত হয়ে পুনরায় অফিস দখলের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে ওয়াদুদ-সমর্থক কর্মীরা তালা ভেঙে অফিসে ঢোকেন। এ ব্যাপারে আবদুল আওয়াল বলেন, ‘কাজী ফারুক আমাকে কুলিয়ারচরে এলাকা সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব বুঝে নিতে অফিসে গেলে ওয়াদুদ সমর্থক-কর্মীরা আমাকে ঢুকতে দেয়নি। এতে বাধ্য হয়ে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছি।’ওয়াদুদ-সমর্থক আঞ্চলিক সমন্বয়কারী আবুল ফজল বলেন, ‘আবদুল আওয়াল অফিসে হামলা চালিয়ে আমাদের মারধর করেছেন এবং অফিস থেকে বের করে দিয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।’ কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত (গতকাল সন্ধ্যা) কেউ কোনো অভিযোগ করেননি।