কুলিয়ারচরে মুক্তিযোদ্ধারা দ্বিধাবিভক্ত, বিব্রত প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল মিল্লাতকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে মুক্তিযোদ্ধারা বিভক্ত হয়ে পড়েছেন। মুক্তিযুদ্ধে বিরোধিতা করার অভিযোগে একটি পক্ষ চেয়ারম্যানকে দিয়ে পতাকা উত্তোলন না করাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছে।
আর অন্য পক্ষ চেয়ারম্যানকে দিয়ে পতাকা উত্তোলনের অনুরোধ জানিয়ে ইউএনওর কাছে পৃথক আবেদন করেছে। এ নিয়ে উপজেলা প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, চেয়ারম্যানকে দিয়ে পতাকা উত্তোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ কুলিয়ারচর উপজেলা কমান্ডের কমান্ডার জিল্লুর রহমান। এই বলয়ে আছেন শতাধিক মুক্তিযোদ্ধা। তাঁরা ইউএনওর কাছে লিখিত আবেদন করেন ১০ ডিসেম্বর। আর চেয়ারম্যানকে দিয়ে পতাকা উত্তোলনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক কমান্ডার আবদুল কাইয়ুমের নেতৃত্বে ৩৪ জন মুক্তিযোদ্ধা। এই বলয়ে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও আছেন। গত রোববার তাঁরা ইউএনওর কাছে আবেদন করেছেন।
জিল্লুর রহমান-বলয়ের মুক্তিযোদ্ধাদের অভিযোগ, উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাবা এ এস এম নুরুল্লাহ স্বাধীনতাযুদ্ধে শান্তি কমিটির অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন। আর নুরুল মিল্লাত রাজাকারদের সংগঠিত করে স্বাধীনতার বিপক্ষে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এ কারণে ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংসদের সভা করে রেজ্যুলেশনের মাধ্যমে তাঁরা সিদ্ধান্তটি গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুক্তিযোদ্ধারা বিভক্ত হয়ে যাঁর যাঁর অবস্থানে দৃঢ় থাকায় প্রশাসন বিব্রত।
কমান্ডার জিল্লুর রহমান বলেন, ‘একজন রাজাকার সংগঠকের মাধ্যমে বিজয়ের পতাকা ওড়ানো ও সালাম জানানোর দৃশ্য মাঠে দাঁড়িয়ে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার পক্ষে সহ্য করা সম্ভব নয়।’
কাইয়ুম বলেন, নুরুল মিল্লাত মুক্তিযুদ্ধ না করলেও স্বাধীনতাবিরোধী ছিলেন না।
উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত বলেন, ‘যুদ্ধের সময় আমার দ্বারা কারও ক্ষতি হয়েছে—এমন প্রমাণ পেলে রাজনীতি ও সমাজনীতি থেকে অনেক দূরে চলে যাব। প্রশাসন যেন সরকারি নিয়মনীতি অনুসরণ করে বিজয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন করে।’
ইউএনও নার্গিস পারভিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের ৩০ মার্চের সরকারি পরিপত্র অনুযায়ী উপজেলা পর্যায়ে জাতীয় দিবসের পতাকা উপজেলা চেয়ারম্যান উত্তোলন করবেন, এটাই নিয়ম। এর পরও উভয় পক্ষের আবেদন তাৎক্ষণিকভাবে আমি জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন সিদ্ধান্তের জন্য অপেক্ষা।’
জেলা প্রশাসক এস এম আলম বলেন, প্রথম করা আবেদনটি জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।