কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা সড়ক অবরোধ করেছে শিবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শিবনাথ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্র কুমার সূত্রধর গত মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। আগরপুর ইউনিয়নের জগতেরচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি প্রাণ হারান।এ ঘটনায় শিবনাথ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টা থেকে জগৎচর মনোহরপুর এলাকায় রাস্তা অবরোধ করে। পরে কুলিয়ারচর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। শিক্ষক নিহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়ার পর দুপুর একটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।