কুলিয়ারচরে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, ভৈরব:aকিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নয়া দিগন্ত পত্রিকার স্থানীয় প্রতিনিধি কাইসার হামিদ গত মঙ্গলবার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সন্ত্রাসীরা তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মীপুর মৌলভীপাড়ার দুলাল মিয়ার নেতৃত্বে ১০-১২ জন কাইসার ও তাঁর স্ত্রীর ওপর বর্বরোচিত এই হামলা চালায়। পরে পুলিশ ও এলাকাবাসী কাইসারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে মৌলভীপাড়া থেকে দুলাল মিয়ার চাচা আকবর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে। সাংবাদিক কাইসার বর্তমানে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।কাইসার জানান, পেশাগত কাজ শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লক্ষ্মীপুর পূর্ব পাড়ায় নিজ বাড়ির কাছাকাছি পৌঁছালে দুলাল মিয়ার নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে টেনে-হিঁচড়ে কিছুটা দূরে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। ওই জায়গায় নিয়ে তাঁর গলায় ছুরি ধরে সন্ত্রাসীরা। চিৎকারে এলাকাবাসী ও তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে সন্ত্রাসীরা। কাইসার জানান, কিছুদিন আগে প্রকাশিত একটি সংবাদ ওই পরিবারের বিরুদ্ধে যায়। এর জেরে ওই হামলা চালানো হয়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এই ঘটনায় সাংবাদিক কাইসার বাদী হয়ে মারধর, হত্যাচেষ্টা, স্লীলতাহানি ধারায় মামলা করেছেন। দুলাল মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি আকবর হোসেনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।