কুলিয়ারচরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বামীর বাড়িতে স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মধুয়ারচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত গৃহবধূর মা চারজনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মধুয়ারচর গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে পাভেল মিয়া (২৮) পাশের দক্ষিণ নন্দরামপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে মিনারা বেগমকে (১৯) গোপনে বিয়ে করেন। এই বিয়ে পাভেলের পরিবার মেনে নেয়নি। বিয়ের পর থেকে পাভেলের স্ত্রী মিনারা বেগম তাঁর স্বামী পাভেলকে শ্বশুরবাড়ির পরিবারের লোকজনকে রাজি করিয়ে তাঁকে স্বামীর বাড়িতে নিতে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। ‘ঢাকায় বাসা ভাড়া নিয়েছি, আমরা বাসায় চলে যাব’—এ কথা বলে বুধবার বিকেলে পাভেল তাঁর স্ত্রীকে মুঠোফোনে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ডেকে আনেন। পরে পাভেল ও পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনারা বেগমকে গুরুতর জখম করেন। মিনারা বেগমের মৃত্যু হয়েছে ভেবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ির পশ্চিম পাশে রেললাইনের কাছে তাঁকে ফেলে আসেন।খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়া আহত মিনারাকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করেন। পরে মিনারার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তাঁরা মুমূর্ষু অবস্থায় মিনারাকে ভৈরবের আল সেফা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে কুলিয়ারচর থানার পুলিশ গতকাল মিনারার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর পাভেলসহ তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মিনারার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।