কুলিয়ারচরে সড়কের গাছ নিধন চলছেই
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন সড়ক থেকে গত এক মাসে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। এখনো গাছ কাটা চলছে। গত শুক্রবারও দুর্বৃত্তরা উপজেলার উসমানপুর সড়ক থেকে রাতের আঁধারে একটি রেইনট্রি গাছ কেটে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পৌর আওয়ামী লীগের সভাপতি নিজাম কাড়ির মদদে একটি সংঘবদ্ধ চক্র নির্বিচারে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানায়, উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীন কুলিয়ারচর বাজার থেকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় গত মাসে দুই সপ্তাহের ব্যবধানে ১৭টি রেইনট্রি গাছ কাটা হয়। বাজার থেকে উসমানপুর পর্যন্ত সড়কে কাটা হয়েছে আরও ১১টি গাছ। উপজেলার অন্যান্য সড়ক থেকেও একইভাবে বিভিন্ন জাতের অন্তত ২৫টি গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। এসব গাছের কাঠ আওয়ামী লীগের নেতা নিজাম কাড়ির করাতকলে রেখে পরে বাজারজাত করা হচ্ছে। সম্প্রতি কুলিয়ারচরের বিভিন্ন সড়কে গিয়ে অসংখ্য কাটা গাছের গোড়া দেখা যায়। উপজেলার দাড়িয়াকান্দি এলাকার ব্যবসায়ী জহির উদ্দিন জানান, প্রতি রাতেই গাছ চুরি হচ্ছে। প্রতিটি গাছের মূল্য কম করে হলেও ১৫ থেকে ২০ হাজার টাকা।পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম কাড়ি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার করাতকলে আমার গাছ প্রক্রিয়াজাত করা হয় না। অন্য লোকের গাছ টাকার বিনিময়ে প্রক্রিয়াজাত করা হয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোকাম্মেল হক বলেন, ‘গাছ কাটার খবর জানার পর উপজেলা প্রকৌশলী লুত্ফর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু কমিটি এখনো তাদের প্রতিবেদন আমার কাছে জমা দেয়নি।’ উপজেলা সহকারী প্রকৌশলী আহম্মদ আলী বলেন, ‘চুরি হয়ে যাওয়া গাছের হিসাব বের করা হচ্ছে। একই সঙ্গে এ অপতত্পরতা বন্ধ করার জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।’