কুশপুত্তলিকা দাহ, পতাকায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের সংসদে পাস হওয়া নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ওই নিন্দা প্রস্তাবকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আখ্যা দিয়ে তা প্রত্যাহার না করলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
বিক্ষোভের সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান, সাংসদ ও সাবেক ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা দাহ এবং দেশটির জাতীয় পতাকা পোড়ানো হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে বেলা আড়াইটায় নগরের চৌহাট্টা এলাকার প্রধান শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, মুক্তিযোদ্ধা তুষার কর, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সাংবাদিক আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব, সিটি করপোরেশনের কাউন্সিলর শামীমা স্বাধীনসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ: সিপিবি ও বাসদের উদ্যোগে সকালে ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় ‘পাকিস্তানি ঔদ্ধত্য ক্ষমার অযোগ্য, বাঙালি ঘৃণাভরে প্রত্যাখ্যান কর’ স্লোগান দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন সিপিবির ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুব ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আবদুর রব, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাজেদা বেগম প্রমুখ।
সুনামগঞ্জ: জেলা গণজাগরণ মঞ্চের উদ্যোগে সকালে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ হয়। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, গণজাগরণ মঞ্চের সংগঠক সালেহীন, শাহজালাল সুমন প্রমুখ।
নরসিংদী: জেলার আইনজীবীরা বেলা ১১টার দিকে আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। বক্তব্য দেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম, রেজাউল করিম, শাহরিয়ার আহমেদ প্রমুখ।
নেত্রকোনা: দুপুর সাড়ে ১২টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সংগীতা সরকার, সাংগঠনিক সম্পাদক নিহার সরকার, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবীর প্রমুখ।