কুশপুত্তলিকা দাহ, পতাকায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের সংসদে পাস হওয়া নিন্দা প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ওই নিন্দা প্রস্তাবকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আখ্যা দিয়ে তা প্রত্যাহার না করলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
বিক্ষোভের সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান, সাংসদ ও সাবেক ক্রিকেটার ইমরান খানের কুশপত্তলিকা দাহ এবং দেশটির জাতীয় পতাকা পোড়ানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশ শেষে ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ গতকাল এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের এ ধরনের কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণের নিন্দা ও এর প্রতিবাদ জানায়। এর আগে গত বুধবার পাকিস্তান সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।
নারায়ণগঞ্জ: বিকেলে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে প্রতিবাদ সমাবেশ করে যুবলীগ। সেখানে নেতা-কর্মীরা পাকিস্তানের পতাকা পদদলিত করে পুড়িয়ে দেন এবং ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করেন।
মানিকগঞ্জ: জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বেলা ১২টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করা হয়। এতে বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মানিকগঞ্জ বারের আইনজীবী রওশন আলম ও আহসান হাবিব, জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।
গাজীপুর: বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সেখানে বিক্ষোভ মিছিল করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে পাকিস্তানের পতাকা ও ইমরান খানের কুশপুত্তলিকা পোড়ানো হয়।