কুশিয়ারার রানীগঞ্জ পয়েন্টে ফেরি চলাচল শুরু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীতে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে করে সুনামগঞ্জ থেকে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি হয়ে কম সময়ে ঢাকায় যাতায়াত করা যাবে। শনিবার বিকেলে এই ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
উদ্বোধনের পর এম এ মান্নান বলেন, সুনামগঞ্জ থেকে সহজে এবং কম সময়ে ঢাকায় যাতায়াতের সুবিধার জন্য ১৯৯৮ সালে আওয়ামী লীগ পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু করেছিল। বিএনপি ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দেয়। এখন আবার আওয়ামী লীগ সড়কের কাজ শেষ করেছে।
এম এ মান্নান জানান, কুশিয়ারা নদীতে ১২৭ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সেতুর কাজ শুরু হবে। সেতুর কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরি সার্ভিস অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির, সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।