কুশিয়ারা এক্সপ্রেস আগের সময়ে চালুর দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া-সিলেট রুটে চলাচলকারী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি পূর্বনির্ধারিত সময়ে চালু করার দাবিতে বিক্ষোভ হয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে এই বিক্ষোভ হয়।উপজেলার বহরা ইউনিয়নের মনতলা শাহজালাল কলেজ ক্যাম্পাস থেকে কয়েক শ ছাত্র ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনতলা রেলক্রসিংয়ের কাছে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আরিফুর রহমান, মনতলা শাহজালাল কলেজের ছাত্র আবদুস সালাম, হাবিবুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, কুশিয়ারা ট্রেন আগে সকাল ছয়টায় আখাউড়া থেকে সিলেট অভিমুখে ছেড়ে আসত। গত ২৫ মার্চ থেকে ট্রেনটি সকালের পরিবর্তে বিকেলে চলছে। এতে ছাত্রছাত্রী ও মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নের লোকজনের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে।বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমান উল্লাহ আমান বলেন, ‘এর আগেও ছাত্র-জনতা এই দাবিতে বিক্ষোভ করেছে। এটি আমাদের প্রাণের দাবি।’