কুশিয়ারা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বালু তুলছেন বলে জানা গেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাঘলা গ্রামের পাশে কুশিয়ারা নদীতে বড় খননযন্ত্র বসিয়ে গত ২৬ ডিসেম্বর থেকে আছিরগঞ্জ গ্রামের ছানু মিয়ার নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছে। পরে বলগেটে ভরে এসব বালু বিক্রি করা হয়। প্রতিদিন বাঘলা এলাকা থেকে সাতটি বলগেটের প্রতিটিতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ঘনফুট বালু ভরা হয়। প্রতি ঘনফুট বালু চার-পাঁচ টাকা দরে বিক্রি করা হয়। নদী থেকে উত্তোলন করা বালু তীরেও মজুত করে রাখা হয়। পরে সড়কপথে বিভিন্ন গ্রাম ও উপজেলায় বালু সরবরাহ করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন খননশ্রমিক গত শনিবার বিকেলে প্রথম আলোকে জানান, সাতটির মধ্যে পাঁচটি বলগেট নৌপথে বালু নিয়ে গন্তব্যের উদ্দেশে চলে গেছে। অন্য দুটি বলগেটের বালু বাঘলার নদীতীরে মজুত করে রাখা হচ্ছে।আছিরগঞ্জ গ্রামের বাসিন্দা দেলওয়ার হোসেন বলেন, ‘অত দিন ধরি ড্রেজার দিয়া নদী থাকি বালু তোলা অর, প্রশাসন কোনো ব্যবস্থা নের না।’নদীর তীরবর্তী ডেপুটি বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, ‘এখানে সরকার অনুমোদিত বালুমহাল নেই। এর পরও নদী থেকে বালু তোলা হচ্ছে। প্রশাসনের হর্তাকর্তা আর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নদী লুটেপুটে খাচ্ছে। নদীর ভাঙন দেখা দিলে তীরবর্তী গ্রামসহ হাটবাজার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।’কুশিয়ারা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কথা স্বীকার করে ছানু মিয়া বলেন, এ জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেননি তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনির উদ্দিন জানান, কুশিয়ারা নদীর গোলাপগঞ্জ এলাকায় কোনো বালুমহাল নেই। কাউকে বালু উত্তোলনের ইজারা দেওয়া হয়নি। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি তাঁর জানা নেই।