কুশিয়ারা থেকে বালু উত্তোলন করে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। নদীর তীরবর্তী এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করা গেলে নদী ভাঙনের সৃষ্টি হবে।সরেজমিনে দেখা যায়, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকাধীন গংগাপুর, উজানগংগাপুর, গয়াসি, ভেলকোনা ও মানিককোনার নদীর তীরবর্তী এলাকা থেকে শ্রমিকেরা ছোট-বড় নৌকা, ইঞ্জিনের নৌকায় নদীর তীর থেকে বালু উত্তোলন করে নৌকাতে বোঝাই করছে। শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত বালু উত্তোলন করে শ্রমিকদের ৩০০ টাকা করে মজুরি প্রদান করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বালু উত্তোলনকারী এক শ্রমিক জানান, ‘থানা পুলিশে কোনো সমস্যা করতোনায় কইয়া আমরারে বালু তোলার কাম লাগানি অইছে। কম সময়ে বেশি টেকা পাইরাম এর লাগি বালু তোলার কাম কররাম।’মানিককোনার নদীর তীরবর্তী এলাকায় বালু উত্তোলনকারী শ্রমিক আবদুল মালেক বলেন, ‘তিন ঘণ্টায় তিনশত টেকা পাইরাম এর লাগি বালু তোলার কাম কররাম।’ বালু উত্তোলনকারী ব্যক্তির নাম জিজ্ঞেস করলে তিনি নাম বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘নাম কইলে তাইন কইছইন (বালু উত্তোলনকারী ব্যক্তি) আমরারে কামো রাখতানায়। পুলিশে ধরিয়া নিবোগি।’ মানিককোনা গ্রামের মুজিবুর রহমান বলেন, ‘দিনো কেউরে বালু তোলতে দেখি না। খালি দেখি বালু তোলার গাত (গর্ত) দিনদিন বড় অর। যে হারে মাইনষে নদী থাকি বালু তোলরা পানি (বন্যা) অইলে নদীর পার ভাঙ্গি পড়বো। হুনছি যারা বালু তোলের তারা প্রশাসনর মাইনষরে বুঝ দিয়ে বালু তোলের।’ইউপি সদস্য মো. হেলাল মিয়া বলেন, দিনদিন নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে সরকার রাজস্ব (রয়্যালিটি) থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি নদীর তীরবর্তী এলাকাটিও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যে হারে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে নদীর তীরে বসবাসকারী লোকজন নদী ভাঙনের শিকার হবেন।ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এটা আমার জানা নেই। নদী থেকে যারা অবৈধভাব বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’