কুশিয়ারা থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েতে বাধা দেওয়ায় নদীতে নিক্ষেপ করা ছেলে জাকির হোসেনের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় কুশিয়ারা নদীর সিলেটের বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদপুর এলাকায় লাশটি ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নদীতে লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিরের মা লাকি আক্তার বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ছেলেকে নদীতে নিক্ষেপের অভিযোগে আটক বাবা কুটিল মিয়াকে (৩৫) গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে জব্দ করতে ছেলেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার সকালে গ্রামবাসী কুটিল মিয়াকে পুলিশে দেন। তাঁর বাড়ি কুশিয়ারা নদীর তীরবর্তী কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা গ্রামে। কুটিল মিয়া তাঁর শ্যালিকাকে বিয়ে করার প্রস্তুতি নিলে এ নিয়ে গত সোমবার রাতে স্ত্রী লাকি আক্তারের সঙ্গে ঝগড়া হয়।