কুশিয়ারা নদীর বাঁধে ভাঙন, এলাকায় আতঙ্ক
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনায় কুশিয়ারা নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ভাঙন না ঠেকালে কয়েকটি গ্রাম প্লাবিত হবে এবং ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় যান চলাচল ব্যাহত হবে।
গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকার হামরকোনা গ্রামে কুশিয়ারা নদীর বাঁধের ভাঙনের মুখে মাটির বস্তা ফেলা হয়েছে। ভাঙনের স্থানের নিচে সৃষ্টি হওয়া ছিদ্র দিয়ে ভেতরে পানি ঢুকছে। ভাঙন ঠেকানোর জন্য এলাকার অনেক মানুষ সেখানে অবস্থান করছেন। ভাঙনের পাশেই হামরকোনা মাদ্রাসা প্রাঙ্গণে মাটি ও বালু ভরা আরও বস্তা মজুত রাখা হয়েছে। ভাঙন রোধে এই বস্তাগুলো ফেলা হবে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি এবং অব্যাহত বৃষ্টিতে হামরকোনা ও ব্রাহ্মণগ্রাম দুটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেককেই বাড়ির মধ্য থেকে সেচ দিয়ে পানি বের করতে দেখা গেছে। কোনো কোনো বাড়িতে চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে।
স্থানীয় ১০-১২ জন জানান, কুশিয়ারা নদীতে পানি বেড়ে যাওয়ায় হামরকোনা এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীর পানি ওঠানামা করছে। সামান্য একটু কমে। বৃষ্টি হলেই আবার বেড়ে যায়। এতে যেকোনো মুহূর্তে বাঁধটি পুরোপুরি ভেঙে যেতে পারে। বাঁধটি ভাঙলে খলিলপুর ইউনিয়নের হামরকোনা, শেরপুর, ব্রাহ্মণগ্রাম, দাউদপুর, আইনপুর, নতুন বস্তি, বাহাদুরপুর গ্রামসহ এলাকার অন্তত দুই হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়বে। খলিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা বলেন, গত বৃহস্পতিবার রাত থেকে বাঁধের নিচ দিয়ে ভেতরে পানি ঢুকছে। স্থানীয়ভাবে বাঁশ ও মাটির বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে।
পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, ‘গত বুধবার আমাদের লোকজন বাঁধ পরিদর্শনের জন্য গিয়েছিল। বাঁধের স্থানটি ভাঙতেছে। আমি দেখতে যাব।’