কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, ফেঞ্চুগঞ্জ ফের প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ওই নদীতে দুটি প্রতিরক্ষা বাঁধ ভেঙে সিলেট-বিয়ানীবাজার সড়কের প্রায় চার কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি আবারও বন্যা দেখা দিয়েছে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়। পাউবোর ১৭৪ নম্বর স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে জুলাই মাসে ফেঞ্চুগঞ্জে প্রথম দফা বন্যা হয়।ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, সিলেট-বিয়ানীবাজার সড়কের পাশে কুশিয়ারা নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের আটটি স্থানে ভেঙে গেছে। এতে দুবাগ থেকে বৈরাগীবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি। সড়ক যোগাযোগের কোনো বিকল্প না থাকায় প্লাবিত সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। নদীর পানি বাড়ায় প্রায় এক সপ্তাহ আগে কাঁকরদিয়া এলাকার বন্যা প্রতিরক্ষা বাঁধের দুটো অংশ দিয়ে পানি ঢুকে পুরো সড়ক প্লাবিত হয়। সড়কটি জলমগ্ন থাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। মূলত সদর ও বিয়ানীবাজার উপজেলার চারটি ইউনিয়নের পাঁচটি গ্রাম বৈরাগীবাজার, ত্রিমোহনী, আঙ্গারজুর, তেরাদল ও কাঁকরদিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের ওপর পানির তীব্র স্রোত এবং পানির নিচে গর্ত থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বিয়ানীবাজারের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরাত দিয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিক উদ্দিন জানান, পানি বাড়া বা কমার কোনো লক্ষণ নেই। দিনে কমে আবার রাতে বাড়ে। এ অবস্থায় বিয়ানীবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বন্যাকবলিত সড়কের আশপাশের এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাঁকরদিয়া এলাকায় কুশিয়ারার দুটি প্রতিরক্ষা বাঁধ গত এপ্রিল মাসে অকালবন্যার সময় থেকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও পাউবো বাঁধ সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি। গত আগস্ট মাসে পাউবো সিলেটের প্রকৌশল বিভাগের একদল লোক বাঁধ পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানালেও পরে তা বাস্তবায়িত হয়নি। তাঁরা জানান, বাঁধ ভেঙে এ অবস্থার প্রায় এক সপ্তাহ পরও পাউবোর কেউ ঘটনাস্থলে যাননি। এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত একবারও পরিস্থিতি দেখা হয়নি, এ অভিযোগ সঠিক নয়। পাউবোর কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। আমি ঢাকার সভায় এ বিষয়ে কথা বলেছি। তবে এখন পানি কমার আগে বাঁধ সংস্কার করা যাবে না।’এদিকে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যাকবলিত ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৯টি গ্রামের ২৫ হাজার মানুষ পানিবন্দী। বন্যার পানিতে তলিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার ও উপজেলার বিভিন্ন সড়ক। ফেঞ্চুগঞ্জ বাজার, গরুহাট, কাঁচাবাজারে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে নাথ কলোনি ও সর্দার কলোনির বাসিন্দারা। বন্যার পানি প্রবেশ করায় পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ চার মাস থেকে বন্ধ রয়েছে। বিদ্যালয়ের বারান্দায় পানি ছুঁই ছুঁই অবস্থায় নৌকায় চড়ে পরীক্ষা দিতে আসছে সুড়িকান্দি, সুলতানপুর ও ভেলকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।ভেলকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা রানী দেব বলেন, বিদ্যালয় প্রাঙ্গণসহ চারদিকে পানি থইথই করছে। তার পরও ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান জানান, উপজেলায় আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে দেড় হাজার হেক্টর আউশ-আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার শতাধিক মৎস্য খামার। মৎস্যচাষি এস কে দেব বলেন, ‘প্রথম দফায় কয়েক লাখ টাকার মাছের পোনা খামারগুলোতে অবমুক্ত করার পরপরই বন্যার পানিতে ভেসে গেল। পানি কমতে শুরু করায় আবার পোনা ছাড়লাম। যেভাবে পানি বাড়ছে, তাতে আবার মৎস্য খামার বানের পানিতে ভেসে যেতে পারে। অনেক খামারি জাল দিয়ে ঘিরে খামারগুলো রক্ষা করছেন। দ্বিতীয় দফায় বন্যাকবলিত হওয়ার পর এখন পর্যন্ত বন্যার্তরা কোনো ত্রাণসামগ্রী পায়নি। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ-১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, ‘বন্যার কারণে লোকজন বেকার বসে আছে। লোকজন সাহায্যের আশায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিড় করছে। তাদের জন্য কিছু করতে পারছি না।’ ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা দ্বিতীয় দফায় বন্যাকবলিত হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।