কুষ্টিয়া ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় টেম্পো উল্টে গিয়ে মনির হোসেন (২০) নামের এক যুবক নিহত হন।
কুষ্টিয়ায় নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকুপার বরদাগ মাদ্রাসা এলাকার মোহাম্মদ ইসলাম (৪৫) ও কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার মজিবর রহমান (৪০)। মোহাম্মদ ইসলাম বাসটি চালাচ্ছিলেন। আর পেশায় বাসের চালক মজিবর চালকের পেছনের আসনের যাত্রী ছিলেন।
এ দুর্ঘটনায় সাজেদুর ও শাহিন নামে বাসের দুই যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে বাসটি খুলনা যাচ্ছিল। বাসটি চৌড়হাস ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে তামাকবোঝাই একটি ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ট্রাকের চালক সেলিম হোসেন ও তাঁর সহকারী আনোয়ার হোসেনকে আটক করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকায় গতকাল দুপুরে টেম্পো উল্টে গিয়ে এর যাত্রী মনির হোসেন (২০) নিহত হন। মনির উপজেলার পশারিবুনিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।