কুষ্টিয়া ও ফরিদপুরে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য নিরসন ও পেশাগত সমস্যা সমাধানের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রোববার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন।
ফরিদপুরে ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে এতে অংশগ্রহণকারী ব্যক্তিরা ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে বসে পড়েন। সেখানেই নেতারা বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
বেলা পৌনে ১১টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় অবরোধে পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শ শিক্ষার্থীসহ শিক্ষকেরা অংশ নেন। এ সময় সেখানে কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত উপসহকারী প্রকৌশলীদের দেখা যায়।
দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা আইডিইবি কার্যালয় থেকে সংগ্রাম পরিষদের ব্যানারে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের মিছিল শহরের মুজিব সড়ক দিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় পুলিশ ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাধা দেয়। এ সময় প্রকৌশলী ও শিক্ষার্থীরা সেখানেই বসে পড়েন এবং সমাবেশ করেন।