কুষ্টিয়া চিনিকলে গার্ডার ভেঙে মাড়াই বন্ধ
কুষ্টিয়া চিনিকলে গত মঙ্গলবার রাতে গার্ডার ভেঙে দুটি মোলাসেস (চিটাগুড়) ট্যাংকসহ বেশ কিছু যন্ত্রাংশ ধসে পড়েছে। এতে রাত থেকেই চিনিকলের চলতি আখ মাড়াই বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা না ঘটেনি।
চিনিকল সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে থাকা দুটি মোলাসেস ট্যাংকের নিচের গার্ডার হঠাৎ করেই রাত সোয়া ১১টার দিকে ভেঙে পড়ে। এতে দুটি ১২ টন গুড় ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক নিচে পড়ে যায়। একই সঙ্গে ট্যাংকের পাশে থাকা স্টিম পাইপ ও পানির ট্যাংক ভেঙে পড়ে। প্রায় ২০ ফুট ওপর থেকে ধসে পড়ায় বিপুল পরিমাণ মোলাসেস গোটা কারখানা এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ১০ জন মিস্ত্রি ট্যাংক দুটি সারিয়ে তোলার চেষ্টা করেন। এদিকে সকাল থেকে চিনিকল এলাকায় মাইকে প্রচার করে আখ কেনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।