কুষ্টিয়া প্রেসক্লাবে হামলা-ভাঙচুর, দুই সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা ক্লাবে ভাঙচুর চালায়। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকেরা হলেন আমাদের সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি শামসুল আলম এবং দৈনিক যুগান্তর ও এটিএন বাংলার কুষ্টিয়ার প্রতিনিধি আল মামুন। আল মামুন জানান, গতকাল দুপুরে তিনি ও শামসুল আলম প্রেসক্লাবে বসে পেশাগত কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে ১০-১২ জন সন্ত্রাসী সেখানে ঢুকে তাঁদের ওপর হামলা করে।

খবর পেয়ে পুলিশ ও অন্য সাংবাদিকেরা গিয়ে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে শহরে মিছিল বের করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।