কুষ্টিয়া সীমান্তে কৃষকের লাশ
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তের কাছে ফজলুর রহমান (৫০) নামের এক কৃষকের লাশ পড়ে আছে। সেখানকার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ১৫৭/১ (এস) পিলারসংলগ্ন এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী স্থানীয় বিজিবিকে খবর দেয়।
এলাকাবাসীর দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ফজলুরকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল কাজী আরমান হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, এটি অমীমাংসিত এলাকা। তবে ওই জায়গায় বাংলাদেশের বাসিন্দারা বসবাস ও চাষাবাদ করে। ঘটনা সম্পর্কে জানতে ও লাশ উদ্ধার করতে বিএসএফের কমান্ডার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
ওই কৃষককে বিএসএফ হত্যা করেছে কি না, এমন প্রশ্নের জবাবে কাজী আরমান হোসেন বলেন, ‘ঘটনা পরিষ্কার নয়। পতাকা বৈঠকের পর জানা যাবে।’
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিএসএফ এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে শুনেছি।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিজিবি ওই ঘটনা জানিয়েছে তাঁদের। পতাকা বৈঠকের আগে পুলিশ কিছু করতে পারবে না বলে তিনি জানান।