কুষ্টিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামে আফরোজা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আফরোজা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।

অভিযোগ উঠেছে, আফরোজার স্বামী সাইফুল ইসলাম তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুল রাগ সামলাতে না পেরে ওড়না দিয়ে আফরোজার গলা পেঁচিয়ে তাঁকে হত্যা করেন। খবর পেয়ে আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ প্রথম আলোকে বলেন, আফরোজার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে তাঁর স্বামী আফরোজাকে হত্যা করেছেন।

আলী নেওয়াজ আরও জানান, আফরোজা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।