কুষ্টিয়ায় অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসায় আমেনা খাতুন ওরফে কাকলির (১৪) ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা মানববন্ধন করেছেন। বিকেলে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের থানার মোড়ে মানববন্ধনে বন্ধুসভার শতাধিক সদস্য অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া প্রথম আলো বন্ধুসভার সভাপতি মনিরুজ্জামান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম মেহেদী, সেজুতি ভৌমিক প্রমুখ।
গত বৃহস্পতিবার রাতে খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী আমেনা খাতুনের ওপর দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে মারে। এতে তার মুখ ও গলা ঝলসে গেছে। সে ঢাকায় ব্র্যাকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।